পোশাক খাতের তিন সংগঠন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। গতকাল রাজধানীর ধানমন্ডির সীমান্ড স্কয়ারে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতারা তার পক্ষে ভোট চেয়েছেন। তিন সংগঠনের পক্ষে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন ও বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
আলোচনায় অংশ নিয়ে ড. রুবানা হক বলেন, তাপস হবেন দক্ষিণের আনিস (ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক)। এমনকি আনিসকেও তিনি ছাড়িয়ে যাবেন। এ সময় ব্যবসায়ী নেতারা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে তাদের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন। জবাবে তাপস বলেন, আনিসুল হকের সাফল্য দেখে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র হওয়ার স্বপ্ন দেখেছেন। কারণ মেয়র হিসেবে জনপ্রত্যাশা পূরণ এবং বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। তিনি ব্যবসাবান্ধব, সচল, সুশাসনের নগরী উপহার দিতে চান। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
