নারায়ণগঞ্জে জাহাজের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০০:২৮

বন্দরে একটি ডকইয়ার্ডে নির্মাণ করা জাহাজ পানিতে নামানোর  সময় জাহাজের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও চার শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বন্দরের মীরকুন্ডি বিবিজোড়া এলাকার স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি বেসরকারি ডকইয়ার্ডে হুইল ওয়্যারের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদ্বয় হলেন ইয়া রাসুল ও রাসেল। ইয়া রাসুল মেঘনার ঝাউচর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে ও রাসেলের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) দুই শ্রমিকের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।