বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট সমর্থকদের জন্য আজ বাম্পার ফ্রাইডে। একদিকে, পাকিস্তানের লাহোরে আজ শুরু হচ্ছে মাহমুদ-উল্লাহ রিয়াদদের টি-টোয়েন্টি সিরিজ , অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশের যুবারা।
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আজ পাকিস্তান সফরে মাঠে নামবে বাংলাদেশ। দীর্ঘ প্রায় এক যুগ পর আজ পাকিস্তানের মাঠে খেলতে নামবে টাইগার বাহিনী। এই সফরে টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও দুটি টেস্ট ও একটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি এই ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়।
এছাড়া দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মোকাবেলা করবে যুব টাইগাররা। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে হারিয়ে এরই মধ্যে সেরা আট নিশ্চিত করেছে আকবর-হৃদয়রা। একই প্রতিপক্ষকে হারিয়ে পাকিস্তানও উঠে গেছে সুপার লিগে। তাই আজকের ম্যাচটি হবে দুই দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। পচফস্ট্রমে যুবাদের ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
ইত্তেফাক/এসআই
