‘বঙ্গবন্ধুর নির্দেশে ম্যাট্রিক পরীক্ষা দিই’ —ফারুক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৫৯

তারকার স্মৃতিতে বঙ্গবন্ধু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। বঙ্গবন্ধুকে ঘিরে একাধিক শিল্পীর বিভিন্ন সময়ের স্মৃতিখণ্ড রয়েছে। বঙ্গবন্ধুকে ঘিরে তারকাদের সেইসব অমূল্য স্মৃতিগুলো বিনোদন প্রতিদিন এ প্রকাশ হচ্ছে নিয়মিত। আজ পাঠকদের জন্য লিখেছেন দেশের গুণী চলচ্চিত্রের অভিনেতা ফারুক—

ছয় দফা আন্দোলনের কিছুদিন পর বঙ্গবন্ধু একদিন আমাদের ডেকে বললেন, তোদের নামে মানুষ নানা ধরনের বিচার-সালিশ দেয়। গুণ্ডামি করি এটা তো আর বলতেন না, বললেন তোরা যা খুশি তাই করোস। মানুষ এগুলা বললে তো আমার ভালো লাগে না। আমি বললাম, আমরা যা খুশি তা করি মানে নেতা? ছাত্র ইউনিয়নের ওরা এটা ওটা করে আমরা তো কিছুই করি না। উনি তখন আমাদের বললেন, তোরা কোনো মিটিংয়ে গেলে আমার কাছে মানুষ নালিশ করে। তোরা ছাত্র না, বহিরাগত। তোদের মধ্যে ৮০ ভাগ কলেজে পড়স না।

উনি আমাদের বললেন, এগুলা হবে না, একটা সার্টিফিকেট হলেও নাও, জগন্নাথে ভর্তি হও। আমি তখন বললাম, আমি তো ক্লাস এইটে পড়ি। যদি পরীক্ষা দিই আমার পাস কেউ আটকাতে পারবে না, কিন্তু তাতে লাভ কী? আমার ভবিষ্যত্ কী হবে? বঙ্গবন্ধু কিছু সময় ভেবে বললেন, তা ঠিকই। তিনি তখন বললেন, তোর মতো যারা আছে তাদের আমি বলবো না, কিন্তু বাকিদের বলবো অন্তত একটা হলেও সার্টিফিকেট নাও। তোরা এ দেশের ভবিষ্যত্, তোরা সবাই মিলে যদি এ সময়টাকে স্যাক্রিফাইস করতে পারিস তাহলে একটা স্বাধীন দেশ হতে পারে। তার এই কথার মধ্যে এমনকিছু ছিল যে, নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলাম প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেবো। ঠিকমতো অক্ষরও লিখিনি, অথচ ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম। বঙ্গবন্ধুর নির্দেশে ম্যাট্রিক পরিক্ষা দিই। আমার এইগুলা বলতে কখনো খারাপ লাগে না, নির্দ্বিধায় বলি- আমি ভাই গণ্ডমুর্খ্য।