বিনোদন রিপোর্ট
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। গতবছর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘ন ডরাই’-এর মধ্য দিয়ে অভিষেক হয় তার। প্রথম সিনেমা দিয়েই গণমাধ্যম ও দর্শকদের মাঝে আলোচিত তিনি। যার অন্যতম কারণ প্রথম সিনেমাতেই তার অভিনয়ের চ্যালেঞ্জ। এরপর থেকে তার নতুন সিনেমা কবে মুক্তি পাবে সেই আগ্রহের জায়গা দর্শকদের মাঝে তৈরি হয়।
তবে সিনেমার জন্য অপেক্ষাটা আরো করতে হলেও পর্দায় তাকে দেখা যাবে শিগগিরই। এবার এই অভিনেত্রীকে ছোটপর্দায় দেখা যাবে। ভালোবাসা দিবসের জন্য নির্মিত একটি নাটকের মূল চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত বলছেন না সুনেরাহ। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে একটি শো নিয়ে ব্যস্ত আছি। এটি শেষ হলে আমি কাজ নিয়ে বিস্তারিত বলতে পারবো। এখনো বলার মতো কোনো অবস্থায় আসেনি।’
মডেলিং দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন সুনেরাহ। অভিনয়ের অভিজ্ঞতা আগে না থাকলেও প্রথম সিনেমাতেই মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘আমি প্রচণ্ড সাহসী ও উদ্যমী একজন মানুষ। কাজের চ্যালেঞ্জ আমি নিতে পারি সাহস থেকেই। সেভাবেই সিনেমাটি করা। মুক্তির পর মনে হয়েছে সেই কষ্টটা আমার সার্থক হয়েছে।’
উল্লেখ্য, গতবছর ২৯ নভেম্বর স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমা ‘ন ডরাই’ মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন তানিম রহমান অংশু। ছবিটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। সুনেরাহ’র সঙ্গে অভিনয় করেছেন শরিফুল রাজ। সার্ফিং নিয়ে বাংলাদেশে নির্মিত প্রথম সিনেমা এটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি।
