শুরু হয়েছে ‘শিশু চলচ্চিত্র উত্সব বাংলাদেশ-২০২০’। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’—শ্লোগান নিয়ে এই উত্সবটি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। আজ বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হবে একাধিক সিনেমা। এরমধ্যে জাতীয় গ্রন্থগারের শওকত ওসমান হলে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ভারতের সিনেমা ‘ইয়েতি অভিযান’। সৃজিত মুখার্জির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসেনজিত্, যিশু সেনগুপ্ত, আরিয়ান ভৌমিক প্রমুখ।
এছাড়া এবারো উত্সবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে রয়েছে বাংলাদেশি শিশুদের নির্মিত সিনেমা নিয়ে প্রতিযোগিতা বিভাগটি। এই বিভাগে এবার ৪৮টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই ১৮টি চলচ্চিত্রের ৫টি চলচ্চিত্র পাবে পুরস্কার।
