‘ইরানি নয়া জেনারেলকে হত্যায় মার্কিন হুমকি অগ্রহণযোগ্য’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:২৫

ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস ফোর্সের নয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিকেও জেনারেল কাসেম সোলেইমানির মতো পরিণতি ভোগের যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার দেশের এই অবস্থান তুলে ধরেন। খবর রুশ বার্তা সংস্থা তাসনিমের

যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক সাক্ষাত্কারে বলেন, কুদস ফোর্সের নয়া কমান্ডার কায়ানি যদি সাবেক কমান্ডার জেনারেল সোলেইমানির পথ অনুসরণ করেন, তাহলে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে। এর জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা আরেকবার এ কথা বলতে চাই যে এ ধরনের হুমকি আমাদের কাছে অগ্রহণযোগ্য। আইন ও অধিকার লঙ্ঘন করে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এবং একজন রাষ্ট্রীয় প্রতিনিধির এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই।’ গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরোনোর সময় জেনারেল সোলেইমানির ওপর চোরাগোপ্তা কায়দায় হামলা চালিয়ে তাকে হত্যা করে মার্কিন বাহিনী। তার হত্যাকাণ্ডের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কুদস ফোর্সের কমান্ডার হিসেবে জেনারেল কায়ানিকে নিয়োগ দেন।

জেনারেল কায়ানি নিয়োগ পাওয়ার পর ৯ জানুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনিকে জানান, সর্বশক্তি দিয়ে তিনি জেনারেল কাসেম সোলেইমানির পথ অনুসরণই করবেন। কায়ানি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের হটানো তার লক্ষ্য বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতাকে। তেহরান মনে করে, জেনারেল কাসেম সোলেইমানি মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক পরিসর বাড়ানোর ক্ষেত্রে পেছনের কারিগর হিসেবে ভূমিকা রাখছিলেন বিধায় যুক্তরাষ্ট্র ও তার সবচেয়ে বড় মিত্র ইসরাইলের মাথাব্যথা হয়ে ওঠেন। সে জন্য তাকে হত্যায় এমন চোরাগোপ্তা কায়দা বেছে নেয় যুক্তরাষ্ট্র।