শীর্ষেই আছেন কোহলি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৪০

টেস্ট র্যাংকিং

স্পোর্টস ডেস্ক

ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে সহসাই টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে নামানো যাচ্ছে না। তিনি ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রান মেশিন স্টিভেন স্মিথ আছেন ১৭ রেটিং পয়েন্ট পিছিয়ে।

টেস্টে বিরাটের ডেপুটি আজিঙ্কা রাহানে চলে এসেছেন র্যাংকিংয়ের আটে। তার রেটিং পয়েন্ট ৭৯১। ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ছয়ে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। বোলারদের মধ্যে ভারতীয় হিসেবে সবার ওপরে আছেন জাসপ্রিত বুমরাহ। তিনি আছেন ষষ্ঠ স্থানে। রেটিং পয়েন্ট ৭৯৪। আটে আছেন রবিচন্দ্রন অশ্বিন আর দশে মোহাম্মদ শামি।

বাংলাদেশিদের মধ্যে ব্যাটসম্যান হিসেবে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। তিনি ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৪ নম্বর অবস্থানে। তার পরেই আছেন তামিম ইকবাল। ২৫-এ থাকা এই ওপেনারের রেটিং পয়েন্ট ৬১৩। আর বোলারদের মধ্যে সবার ওপরে আছেন মেহেদি হাসান মিরাজ। তার রেটিং পয়েন্ট ৫৮২।

অনেকদিন বাদে ব্যাটসম্যানদের সেরা বিশে ফিরেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস। জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের হারারেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে ডাবল সেঞ্চুরি করেছেন দলের সাবেক এই অধিনায়ক।

অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। তার রেটিং পয়েন্ট ৪৭৩। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। যদিও, দুই জনের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান অনেক। স্টোকসের রেটিং পয়েন্ট ৪১১। তৃতীয় অবস্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৪০৬।