ভারতের নাটকীয় জয়

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

শেষ ৮ ওভারে ৭৫ রান দরকার ছিল। শিবম দুবে একটা ৪ ও ৬ মেরে একটু সমীকরণটা কাছে আনার চেষ্টা করলেন। তার পরও শেষ ৩০ বলে ৫৮ রান দরকার ছিল ভারতের। ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল ভারত।

এই ছিটকে যাওয়া ম্যাচেই এক ওভার হাতে রেখে ভারতকে জয় এনে দিলেন শ্রেয়াশ আয়ার। শ্রেয়াসের দুর্দান্ত ফিনিশিং আর লোকেশ রাহুলের ঝড়ো শুরুর ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের নাটকীয় জয় পেল ভারত। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী বিরাট কোহলির দল।

ম্যাচ শেষে এই জয়ে দারুণ তৃপ্ত ভারতীয় অধিনায়ক কোহলি বলছিলেন, ‘আমরা খুব উপভোগ করেছি। মাত্র দুই দিন আগে এখানে (নিউজিল্যান্ডে) পৌঁছেছি। তারপর এই ধরনের একটা জয় আসলে সফরের সুর ঠিক করে দেয়। মাঠে আমাদের খুব ভালো সমর্থন ছিল। ৮০ শতাংশই ভারতের সমর্থক ছিল। পরিবেশটা চমত্কার ছিল।’

কোহলি বলছিলেন, তারা নিজেরা ২০০ রান পার করার চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলেন। সেজন্য লোকেশ রাহুল ও শ্রেয়াশ আয়ারের বীরত্বকে কৃতিত্ব দিলেন তিনি। বললেন, তারা জেট ল্যাগ নিয়ে আলাপও করেননি, ‘এখানে আমাদের ২০০-এর বেশি রান তাড়া করতে হয়েছে। সে জন্য খুব সাহস দেখাতে হয়েছে। আমরা নিজেদের মধ্যে জেট ল্যাগ নিয়ে কথাও বলিনি। কারণ, এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইনি।’

ম্যাচসেরা ক্রিকেটার শ্রেয়াস আয়ার বলছিলেন, তার জন্য এটা অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল আমাদের জন্য, ‘দেশের বাইরে এসে খেলাটা অসাধারণ একটা অভিজ্ঞতা। এটা দারুণ একটা অনুভূতি। খেলা শেষ করে আসা এবং অপরাজিত থাকতে পারাটা খুব ভালো অনুভূতি।’

অথচ ম্যাচের প্রায় পুরোটা সময় কর্তৃত্ব ছিল নিউজিল্যান্ডের হাতে। বিনা উইকেটে ৮০ রান তুলেছিল তারা ৭.৫ ওভারে। গাপটিল ১৯ বলে ৩০ রান করে ফেরেন। আর কলিন মুনরো দলীয় সর্বোচ্চ ৫৯ রান করেন ৪২ বলে। এরপর এসে এই রানের গতিটা ধরে রেখেছেন কেন উইলিয়ামসন ও রস টেলর।

উইলিয়ামসন ২৬ বলে ৫১ রান করেন। আর টেলর ২৭ বলে ৫৪ রান করেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন বুমরাহ, শার্দুল ঠাকুর, চাহাল, দুবে ও জাদেজা।

জবাবে দলীয় ১৬ রানেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এরপর দলকে ৯৯ রানের জুটি এনে দেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। রাহুল ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। ৩২ বলে ৪৫ রান করে ফেরেন কোহলি। আর শেষ কাজটা করেন শ্রেয়াশ আয়ার। তিনি ২৯ বলে ৫৮ রানের দানবীয় একটা ইনিংস খেলেন। সঙ্গে দুবে ৯ বলে ১৩ রান করেন।  

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২০৩/৫ (মুনরো ৫৯, টেলর ৫৪*, গাপটিল ৩০)।

ভারত: ১৯ ওভারে ২০৪/৪ (শ্রেয়াশ ৫৮, রাহুল ৫৬, কোহলি ৪৫; সোধি ২/৩৬)।

ফল: ভারত ৬ উইকেটে জয়ী