বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল আজ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

সেমিফাইনাল হতে বিদায় নিয়ে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঘরে এখন দর্শক আসনে। ফাইনালে খেলছে ফিলিস্তিন এবং বুরুন্ডি। বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ার দল ফিলিস্তিন খেলবে আফ্রিকান দল বুরুন্ডির বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল শুরু বিকাল ৪টায়। 

৬ জাতির বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ষষ্ঠ আসরে ফিলিস্তিন ছিল শক্তিশালী দল। গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সেমিফাইনালে সিসেলশকে হারিয়ে ফাইনালে উঠেছে। আর বুরুন্ডি এই টুর্নামেন্টের আলোচনাতেই ছিল না। ফিলিস্তিন নিজেরাই বলেছিল তাদের চোখে বাংলাদেশ ফেভারিট। আর টুর্নামেন্ট শুরু হওয়ার পর দর্শক দেখেছে বুরুন্ডির ফুটবল কতটা আদরণীয়। লিগের ম্যাচে ক্লাব ফুটবলে আফ্রিকান ফুটবলারদের খেলা দেখে একটা ধারণা হয়েছিল দর্শকদের। বিরক্তির পাল্লাটাই ভারী বেশি। কিন্তু বুরুন্ডির খেলা সেই কষ্টটা দূর করে দিয়েছেন। আফ্রিকান ফুটবলারদের নিয়ে বাজে ধারণা বদলে দিয়েছে বুরুন্ডি। এরই মধ্যে বুরুন্ডির একাধিক ফুটবলারের প্রতি আগ্রহও দেখিয়েছে কয়েকটি ক্লাব। বিশেষ করে স্ট্রাইকার জসপিন। তার খেলা মুগ্ধ করেছে। ১৮ বছর বয়সের এই ফুটবলার দুইটি হ্যাটট্টিক করেছেন। বুরুন্ডির প্লেমেকার জসপিনকে নিয়ে ছক একে রেখেছেন ফিলিস্তিন কোচ। ফিলিস্তিন বলছে তারা এখনো অনেক কিছু দেখানোর বাকি রেখেছেন। সাইড বেঞ্চ শক্তিশালী তাই দুর্ভাবনাও নেই। ফিলিস্তিনের সবচেয়ে সুবিধা হচ্ছে দুই দিন বিশ্রাম পেয়েছে। আর বুরুন্ডি বিশ্রাম পায়নি। সেমিফাইনাল খেলে একদিন অনুশীলও করতে পারল না। বুরুন্ডির কোচ বিফুবুসা জসলিন কোনো রাকঢাক না করে জানিয়ে গেলেন সময় কম পেলেও কোনো সমস্যা না আমরা খেলতে পারব। আমরা মানিয়ে নিতে পারব। কারণ বাংলাদেশের এখন যে আবহাওয়া তাতে আমাদের জন্য সুবিধাই হবে।’

গ্রুপ পর্বে ৪-১ গালে মরিশাসকে, ৩-১ গোলে সিসেলশেকে হারিয়ে সেমিফাইনালে ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে। বুরুন্ডির কোচ বললেন, ‘স্কোর লাইন কোনো ব্যাপার না। যখন জেতার জন্য নামব তখন গোল করা লড়াই করাটাই বড়ো ব্যাপার।’ আফ্রিকা এবং এশিয়ার ফুটবলের পার্থক্য বলতে গিয়ে জসলিন বললেন, ‘এশিয়ার দল টেকনিকের ওপর খেলে। আফ্রিকান খেলোয়াড়রা টেকনিক এবং শারীরিক সামর্থ্যের ওপর নির্ভর করে খেলে।’ ফিলিস্তিনের ঘরে আগেও ট্রফি গেছে। বুরুন্ডির দাবি তারা এত বড়ো টুর্নামেন্টের ট্রফি হয়ত প্রথমবারই জিতবেন।