বগাপাড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের উদ্যোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৫৫

খাগড়াছড়ি প্রতিনিধি ও দীঘিনালা সংবাদদাতা

জেলার দীঘিনালা উপজেলার দুর্গম বগাপাড়া এলাকায় গ্রামের সাধারণ নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণে উদ্যোগী হলেন। এজন্য গ্রামের নারী-পুরুষ সকাল-বিকাল পালা করে জড়ো হন রাস্তা নির্মাণের জন্য নির্ধারিত স্থানে। স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের একাজে স্বেচ্ছায় শ্রম দিতে পাশে দাঁড়িয়েছে গ্রামের কিশোর-কিশোরীরাও। পাড়া গ্রাম সৃষ্টির দীর্ঘদিন পরেও ইটের সড়ক দূরে থাক পায়ে হাঁটার পথ নেই। সরকারি বা বেসরকারি উদ্যোগে চলাচলের জন্য কোনো রাস্তা নির্মিত না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিল বগাপাড়া, ছোটো হাংড়াখাইয়া ও বড়ো হাংড়াখাইয়া গ্রামের বাসিন্দারা।

গত ১০ দিন ধরে গ্রামবাসীর যাতায়াতের জন্য কেউ জঙ্গল পরিষ্কার করছে। আবার কেউ পাহাড়ের খাড়া অংশ কেটে রাস্তার উপযোগী করছে। গ্রামের গৃহিণী তরুলতা চাকমা (৫০) জানান, এ রাস্তা নির্মিত হলে অন্তত চার শতাধিক পরিবার যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি পাবে। প্রয়োজনীয় কেনাকাটা সারতে উপজেলার হাটবাজারে যেতে হলে দুই ঘণ্টা মেঠোপথ হেঁটে গাড়িতে চড়তে হয়।

স্থানীয় বৌদ্ধ বিহারের ভিক্ষু শুভলংকার ও গ্রাম প্রধান অলক বিকাশ চাকমা জানান, ‘রাস্তা না থাকায় আমরা আশপাশের গ্রাম থেকে অনেক পিছিয়ে রয়েছি। গ্রামের একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান বিহারটিতে যাওয়ারও কোনো পথ নেই। সরকার যদি স্বেচ্ছাশ্রমে বানানো কাঁচা রাস্তার ওপর ইট বিছানোর উদ্যোগ নেয় তাহলেও গ্রামের মানুষ উপকৃত হবে।

দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম জানান, ‘বগাপাড়া গ্রামের মানুষ যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করে আগামী অর্থবছরে বগাপাড়ার রাস্তার উন্নয়ন বা ইট সলিং করার জন্য উদ্যোগ নেওয়া হবে।’