কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
সড়কে যানবাহন চালানোর সময় সচেতন থাকার আহ্বান জানিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার কাপ্তাই সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন গাড়িতে সচেতনতামূলক স্টিকার সেঁটে দেন। এ ছাড়া চালকদের হাতেও একটি করে স্টিকার তুলে দেন। সড়কে নিয়ম মেনে এবং বেপরোয়া গাড়ি না চালানোর জন্য স্টিকারে আহ্বান জানানো হয়েছে। স্থানীয় জনগণ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতেও সচেতনতামূলক স্টিকার তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে কাপ্তাইয়ের স্থানীয় বাসিন্দা খোরশেদুল আলম কাদেরী বলেন, অনেক চালক এখনো গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলে। যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এ ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হওয়ার জন্যও তিনি পরামর্শ দেন।
