সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন ড. ফরিদা জামান
নড়াইল প্রতিনিধি
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিতব্য ১২ দিনব্যাপৗ সুলতান মেলার নবম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নড়াইলের সুলতান মঞ্চে চার গ্রুপে তিন শতাধিক শিশুর অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা রানী দাস, চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী সমীর বৈরাগী, চিত্রশিল্পী সমীর মজুমদার, জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, এবার সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি শিক্ষক ড. ফরিদা জামান।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলের সুলতান মঞ্চে ১৬ জানুয়ারি থেকে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে ১২ দিনব্যাপী সুলতান মেলায় থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলাদেশ, আমেরিকা, জিম্বাবুয়ে, নেপাল এবং ভারতের ১১৮টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, রচনা প্রতিযোগিতা, গ্রাম্য খেলাধুলা এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি শিক্ষক ড. ফরিদা জামান এবার সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন। মেলার সমাপনী দিন ২৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভটাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক প্রদান করবেন।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
