ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
দেশের দ্বিতীয় বৃহত্তম বদ্ধ জলাভূমি বড়বিলায় লাল শাপলা আর গোলাপি পদ্মের রূপে মুগ্ধ পর্যটকরা। শীত আসলে অতিথি পাখির ওড়াউড়িতে মুগ্ধতা আরো বেড়ে যায়। পাখির কলকাকলি মুখরিত এখন বড়বিলা বিল। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে স্বচ্ছ নীল জলে তলা দেখা যায়। শাপলা শালুক ছাড়াও বিলটি সিংড়া, মাখনাসহ অন্যান্য পানীয় ফলে ভরপুর। শীত আসার সঙ্গে সঙ্গে বিলে আসে ঝাঁক বেঁধে অতিথি পাখি। একসময় অতিথি পাখি শিকারের ফলে পাখি আসা কিছুটা কমে গেলেও এক বছর ধরে পাখি শিকারে স্থানীয়দের বাধায় এখন কেউ আর পাখি শিকার করতে আসে না। এবার শীতে তুলনামূলকভাবে বেশি পাখির আগমন ঘটেছে বড়বিলায়। ত্রিশাল থেকে আসা পর্যটক ফারুক বলেন, অনেক শুনেছি বিলের সৌন্দর্যের কথা। ব্যস্ততার কারণে আগে আর আসা হয়নি। শাপলা শালুক অতিথি পাখিসহ বিলের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো পর্যটককে আকৃষ্ট করবে। রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, বিল ভ্রমণে একসময় ব্যবস্থা না থাকলেও স্থানীয়দের তৈরি নৌকায় বিলে ঘোরা যায়। বিলপাড়ে নতুন করে কফি হাউজ হয়েছে। পর্যটকদের জন্য পাবলিক টয়লেটের ব্যবস্থা এখন জরুরি। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ ছিদ্দিক বলেন, ফুলবাড়ীয়া উপজেলার পর্যটন সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আর বিলটির সৌন্দর্য বর্ধনের বিষয়টিও আমাদের মাথায় আছে।
