স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগের আট জেলায় গত বছরে ২৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। এ ছাড়া ১৯টি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ড গুলি, বিপুলসংখ্যক মাদকদ্রব্য, চাঞ্চল্যকর মামলার আসামিসহ একাধিক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৩ এর হেড কোয়ার্টার এ তথ্য নিশ্চিত করে।
র্যাব-১৩ এর সূত্রে জানা গেছে, গত এক বছরে রংপুর বিভাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহ’র দলের ১৩ জন, জেএমবির ১২ জন ও উগ্রপন্থি জঙ্গির তিন সদস্যকে গ্রেফতার করেছে তারা। এ সময় জব্দ করা হয় নয়টি বিদেশি পিস্তল, দুইটি দেশিয় পিস্তল, ওয়ান শুটারগান সাতটি, পাইপগান একটি ও ২১ রাউন্ড তাজা গুলি। এছাড়াও বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।
র্যাব-১৩ এর অধিনায়ক অফিসার রেজা আহামেদ জানান, সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অন্যায়ের সঙ্গে যারা জড়িত থাকবে আমরা তাদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করব।
