সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:০৩

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সহকারী শিক্ষক আবুল কাশেমকে সভাপতি ও মো. বদিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির তালা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। তালা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এমরান আহম্মেদের সভাপতিত্বে বৃহস্পতিবার তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি সভায় এ কমিটি গঠিত হয়। ইতিপূর্বে অধিকাংশ কার্যনির্বাহী সদস্য পদত্যাগ করায় ও কিছু শিক্ষকের পদোন্নতি হওয়ায় সভায় কমিটি ভেঙে দেওয়া হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।

‘রাজশাহীর উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা’

শীর্ষক আঞ্চলিক সেমিনার

স্টাফ রিপোর্টার, রাজশাহী রুয়েট অডিটোরিয়ামে ‘রাজশাহীর উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে এর আয়োজন করা হয়।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ। সম্মানিত অতিথি এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন রুয়েটের মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রবিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন।

দুর্গাপুরে গুণীজন সম্মাননা

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরের গাভিনা গ্রামে বৃহস্পতিবার বিকালে জড়ো হয়েছিলেন প্রথিতযশা জ্ঞানপিপাসু শিল্প-সাহিত্য অঙ্গনের অনেক গুণীজন। দিনটি ছিল জলসিঁড়ি পাঠকেন্দ্রের কবি-সাহিত্যিকদের নিয়ে সত্যানুবর্তিতা ও আত্মজাগরণের গল্প করার বাত্সরিক নিয়মিত আসর ও গুণীজন সম্মাননা। এবারের আয়োজন বিশেষভাবে সমৃদ্ধ করেছেন সম্মাননাপ্রাপ্ত প্রিয়জন কথাশিল্পী  ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার, প্রাবন্ধিক অধ্যাপক বিধান মিত্র, লেখক ও সাংবাদিক ইশরাত জাহান ঊর্মি এবং গল্পকার দীলতাজ রহমানের উপস্থিতি। দিবসের সার্বিক আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ড. অর্ধেন্দু শেখর রায়। এ সময় অতিথিদের উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেন জলসিঁড়ি পাঠকেন্দ্রের সদস্যরা।

চোখের রোগে আক্রান্ত ৫ হাজার রোগীকে ফ্রি চিকিত্সা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের কাউনিয়ায় চোখের রোগে আক্রান্ত ৫ হাজার রোগীকে ফ্রি চিকিত্সা দেওয়ার লক্ষ্যে শুক্রবার বাছাই শুরু হয়েছে। আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা আল-নুর চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ লেন্স স্থাপনের লক্ষ্যে রোগী বাছাই শুরু করা হয়। চক্ষু ক্যাম্পের কার্যক্রম সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফত্ আরা বেগম, কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন, কাউনিয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মুসা আহমেদ (ভারপ্রাপ্ত) প্রমুখ উপস্থিত ছিলেন।

হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির

কার্যনির্বাহী কমিটির সভা

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কচি-কাঁচা মিলনায়তনে এর আয়োজন করা হয়। সমিতির সভাপতি প্রকৌশলী সলিমউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আবুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এ এইচ এম গিয়াসউদ্দিন এবং সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ।

চার স্কাউট সদস্যের রাষ্ট্রপতি পদক লাভ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা মানবকল্যাণ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ-মাদকমুক্ত সমাজ ও স্কাউটসের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সাংগঠনিক দক্ষতার জন্য গৌরীপুরের চার স্কাউট সদস্য পেয়েছে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পদকপ্রাপ্তরা হলো তাসনিম নূর নিশাত প্রিয়পা, আজমাঈন নূর সাজিন, জান্নাতুল নাঈম জাফরিন ও ইফতেখার আহমেদ লিয়ন। গত ২০ জানুয়ারি গাজীপুর মৌচাকে বাংলাদেশ স্কাউটসের নবম জাতীয় ক্যাম্পুরীর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উদ্বোধন শেষে পদকপ্রাপ্তদের স্কাউটসের সর্বোচ্চ পদক রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বচিপ) নওগাঁ শাখা নওগাঁ সদর পুরাতন হাসপাতাল চত্বরে এর আয়োজন করে। এ সময় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম সিদ্দিকী, নওগাঁ স্বাধীনতা চিকিত্সক পরিষদে সভাপতি ডা. আশেক হোসেন, নওগাঁ  মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারি প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পে আসা পাঁচ শতাধিক রোগীকে চিকিত্সা সেবাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে ব্যাডমিন্টন

টুর্নামেন্ট উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। কমলকুঁড়ি বিদ্যানিকেতনের আয়োজনে পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ কমলকুঁড়ি বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, কাউন্সিলর মিজানুর রহমান মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।