ওয়াসার এমডির বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় :হাইকোর্ট

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:০৯

আদালত অবমাননা

ইত্তেফাক রিপোর্ট

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। রুলে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তাকে এ বিষয়ে জবাব দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। ওয়াসার পক্ষে ছিলেন আইনজীবী উম্মে সালমা।

মনজিল মোরসেদ জানান, বুড়িগঙ্গা দূষণরোধে হাইকোর্টের রায় ও নির্দেশনাসমূহ বাস্তবায়ন না করা এবং অসত্য তথ্য দিয়ে আদালতের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটানোয় এই রুল জারি করা হয়েছে। তিনি জানান, ২০১১ সালে হাইকোর্ট এক রায়ে বুড়িগঙ্গার ভেতরে যে শিল্পবর্জ্য নিঃসারণ লাইন আছে সেগুলো বন্ধে ওয়াসার এমডিকে বলা হয়েছিল। ওয়াসার এমডি আদালতে প্রতিবেদন দিয়ে বলেছে তাদের কোনো সুয়ারেজ লাইন বুড়িগঙ্গায় নেই। পরে বিআইডব্লিউটিএ প্রতিবেদন দিয়ে বলেছে, ৬৮টি সুয়ারেজ লাইন আছে। এর মধ্যে ওয়াসার রয়েছে ৫৮টি। এভাবে অসত্য তথ্য দিয়ে আদালতের কাজে বিঘ্ন ঘটিয়েছেন এমডি। এ কারণে আদালত অবমাননার আবেদন করা হয়।