মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটবৃন্দের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:১৫

প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান

বিশেষ প্রতিনিধি

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল শুক্রবার মির্জাপুর ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি মির্জাপুর ক্যাডেট কলেজে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মো. আকবর হোসেন এবং কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী। পরে প্রধান অতিথি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান ৩০ লাখ শহিদদের যাদের অসামান্য অবদানে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এরপর তিনি ক্যাডেটবৃন্দ দ্বারা বর্ণাঢ্য চিত্র প্রদর্শনী ও বিজ্ঞান মেলার আয়োজনের সূচনা করেন। পরে প্রধান অতিথি ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে কলেজের শহিদ মিনার এলাকায় বৃক্ষরোপণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী মির্জাপুর ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৩ জানুয়ারি শুরু হয়। প্রতি চার বছর পর পর পুনর্মিলনীর আয়োজন করা হয়ে থাকে। আজ শনিবার পর্যন্ত উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হবে।