বরিশাল অফিস
প্রতিটা বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তিনি আরো বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। পরিমাণগত আমরা অনেক কিছু করেছি কিন্তু এখন যদি আমরা গুণগত দিকে না যাই তাহলে পরিমাণ দিয়ে আর লাভ হবে না। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো মানব সম্পদ তৈরি করা। আমরা চাই শিক্ষার্থীরা তাদের শিক্ষাটা যাতে কর্মক্ষেত্রেও প্রয়োগ করতে পারে। এরই মধ্যে আমরা কারিগরি শিক্ষাকে মূল শিক্ষার সঙ্গে মেইনস্ট্রিম করার জন্য কার্যক্রম শুরু করেছি। তারপরও আমরা বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছি যাতে আন্তর্জাতিক ও স্থানীয় চাহিদাকে মাথায় রেখে কিছু ট্রেড কোর্সকে চিহ্নিত করা হয়েছে। সেই ট্রেডে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
গতকাল শুক্রবার বরিশাল সদর উপজেলার সিংহেরকাঠী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষা সচিব। আলোচনা সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ছাদেকুল আরেফিন, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু প্রমুখ। বিদ্যালয়টির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাত বীরশ্রেষ্ঠর ম্যুরাল উন্মোচন করেন প্রধান অতিথি শিক্ষা সচিব মাহবুব হোসেন। এদিকে সন্ধ্যায় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অডিটোরিয়ামে মানসম্মত শিক্ষা অর্জনে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদারের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার প্রমুখ।
