যশোর অফিস
যশোরের ঝিকরগাছায় গরু চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস (৩৫) উপজেলার ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। আহত আব্দুল উপজেলার মল্লিকপুর গ্রামের কালু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, গভীর রাতে চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর গোয়ালের তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন ইলিয়াস ও আব্দুল। এসময় বাড়ির লোকজন গরু চুরির বিষয়টি টের পেয়ে যায়। এরপর এলাকাবাসী সংগঠিত হয়ে চোরদের ধাওয়া করে গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর ইলিয়াসের মৃত্যু হয়। আব্দুলকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় এলাকাবাসী গণপিটুনি দিয়েছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
