খুলনায় নৌবাহিনীর উদ্যোগ
খুলনায় নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চালু হতে যাচ্ছে ‘বিএন আশার আলো’ স্কুল। সম্প্রতি এ উপলক্ষ্যে একটি পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এছাড়া অন্যান্যের মধ্যে খুলনা অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-অসামরিক কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রধানগণ এবং স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ফেব্রুয়ারি মাসে স্কুলটির একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা যায়। বর্তমানে স্কুলটিতে অটিজম, সেরিব্রাল পালসি, এডিএইচডি এবং ডাউন সিনড্রোম—এ চারটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও সেবা প্রদান করা হবে। এ উপলক্ষ্যে স্কুলটিতে বিশেষায়িত ক্লাসরুম তৈরি ও শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া নৌবাহিনীর মনোবিদ ও শিশু বিশেষজ্ঞ দ্বারা স্কুলটিতে সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে খুলনা ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী হামিদ আসগর, সিভিল সার্জন ডা. সুজত আহমেদ, ডন গ্রুপের চেয়ারম্যান মো. এরশাদ হোসেন রানা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, পিসিএফ ফুড ইন্ডাস্ট্রির মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন। —আইএসপিআর
