আশুলিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে পাম্প শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় বিদ্যুত্পৃষ্ট হয়ে এক পাম্প শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আশুলিয়া থানার পাশে অবস্থিত হাজি ওমর আলীর মালিকানাধীন সম্ভার সিএনজি ফিলিং স্টেশনের তিনতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। নিহত ফায়েজ আলী আকন্দ (৩৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ভুসভুসিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি কাইচাবাড়ী এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে ঐ সিএনজি ফিলিং স্টেশনে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, ফায়েজ আলী বিকালে তিনতলা ভবনের ছাদে গেলে হঠাত্ অসাবধানতাবশত পড়ে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। ফায়েজকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিত্সক ফায়েজ আলীকে মৃত ঘোষণা করেন।