ঢাবির আর্থ ও এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদের আন্তর্জাতিক সম্মেলন আজ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:১৭

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পার হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদ। ‘টেকসই উন্নয়নের জন্য ধরিত্রি এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলন-২০২০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি আজ শনিবার থেকে শুরু হয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজনে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ‘মুজিববর্ষ’ অনুষ্ঠান তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষদের ডিন ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে টেকসই উন্নয়নের সাথে ভূ-সম্পদ, সুনীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও প্রকৌশলগত সমাধান সম্পর্কযুক্ত ও ওতপ্রোতভাবে জড়িত। টেকসই উন্নয়নের সঙ্গে এ বিষয়গুলোর সম্পর্ক আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা কনফারেন্সের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়াও দেশে যে গবেষণা পরিবেশ বিরাজ করছে তা বিদেশিদের সামনে তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণার সহযোগিতা, সহায়তা ও যৌথ গবেষণা পরিচালনার পাশাপাশি গবেষকদের গবেষণায় অনুপ্রাণিত করবে।