টি-টোয়েন্টি সিরিজ

হার দিয়ে শুরু পাকিস্তান সফর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৪৫

১১ ওভারের আগে কোনো উইকেট হারালো না বাংলাদেশ। অথচ প্রথম পাওয়ার প্লে মিলিয়ে এই সময়ে রান উঠল মাত্র ৭১। তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈমের এই ‘ধীরে চলো’ ব্যাটিং শেষ পর্যন্ত বাংলাদেশকে পিছিয়ে দিল প্রথম ম্যাচে। পরে শোয়েব মালিকের ব্যাটে চড়ে ৫ উইকেটের জয় পেল পাকিস্তান। ফলে পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশের বহুল আলোচিত পাকিস্তান সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ। তামিম ও নাঈম ৭১ রানের উদ্বোধনী জুটি করলেন দুজন। কিন্তু বল অনুযায়ী রান তোলার গতিটা কিছুতেই বাড়াতে পারলেন না। ১১তম ওভারের শেষ বলে তামিম আউট হয়ে গেলেন ৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে। এই ইনিংস খেলার ভেতর দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিমের রান হলো ১ হাজার ৬১৩। সাকিব আল হাসানকে টপকে এখন বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তামিম।

তামিম-নাঈমের করে যাওয়া এই জুটিকে কাজে লাগিয়ে পরের দিকের কোনো ব্যাটসম্যানও মারকুটে ইনিংস খেলতে পারেননি। লিটন ১৩ বলে ১২ রান করে ফেরেন। এরপর নাঈম ৪১ বলে ৪৩ রান করে আউট হন। অধিনায়ক মাহমুদউল্লাহ ১৪ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। আফিফ ৯ ও সৌম্য       ৭ রান করে আউট হন। মিঠুন ৫ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খান।

জবাব দিতে নামা পাকিস্তানকে অবশ্য শুরুতেই কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই বাবর আজমকে খালি হাতে ফেরান শফিউল ইসলাম। এরপর মোহাম্মদ হাফিজের সঙ্গে একটা জুটি করেন আহসান আলী। হাফিজ ১৭ রান করে ফিরে আসেন। আহসান ৩২ বলে ৩৬ রান করেন। আর ম্যাচটাকে নিজেদের হাতে নিয়ে যান কদিন আগে বিপিএল খেলে যাওয়া শোয়েব মালিক। তিনি ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।