রোহিঙ্গাদের রক্ষায় মিয়ানমারকে অবশ্যই আরো কাজ করতে হবে :যুক্তরাজ্য

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৪৬

রোহিঙ্গাদের রক্ষায় মিয়ানমারকে অবশ্যই আরো কাজ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক মন্ত্রী হিদার হুইলার। তিনি বলেছেন, রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশনা মানতে আমরা মিয়ানমারের প্রতি আহ্বান জানাই। এই আদেশ মানার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, আইসিজের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আদালত স্পষ্ট বলেছে, রোহিঙ্গাদের রক্ষায় মিয়ানমারকে আরো জরুরি পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আইসিজের আদেশ অবিলম্বে ও নিঃশর্তভাবে পুরোপুরি বাস্তবায়ন করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ ত্রোসেল শুক্রবার জেনেভা থেকে এক বিবৃতিতে বলেন, আইসিজেতে যে মামলা চলছে তা খুবই গুরুত্বপূর্ণ। এটি রোহিঙ্গাদের ওপর অত্যাচারের ক্ষেত্রে মিয়ানমারের সম্ভাব্য দায় আইনিভাবে নিরূপণের পথ খুলে দিয়েছে। রোহিঙ্গা নির্যাতন বিষয়ে যেসব আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহি কার্যক্রম চলছে সেগুলোর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা দেখাতে মিয়ানমার কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে মানবাধিকার কমিশন। একই সঙ্গে রোহিঙ্গারা যাতে মিয়ানমারে শান্তি ও সম্মানের সঙ্গে বসবাস ও সব মানবাধিকার উপভোগ করতে পারে সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।