বরিশালে গভীর রাতে আইএইচটিতে ছাত্র নির্যাতন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৪৭

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বয়েজ হোস্টেলে বৃহস্পতিবার গভীর রাতে এক ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ঐ ছাত্রকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সালাউদ্দিন ডেন্টাল অনুষদের পুরাতন প্রথম বর্ষের ছাত্র এবং হোস্টেলের ৪১৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ এবং কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমন, দেবজিত্, সৈকত, শীর্ষেন্দু ও মুকিতসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সালাউদ্দিনের কক্ষে যায়। এ সময় বিনা কারণে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে সালাউদ্দিন তার কক্ষের দরজা আটকে দিলে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে। প্রায় এক ঘণ্টা যাবত্ সালাউদ্দিনকে মারধর করে তারা। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে সালাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত ছাত্রকে চিকিত্সা দেওয়া হচ্ছে। হোস্টেলের ডাইনিং দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। ঘটনা তদন্তের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।