আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপি নেতারা ভোট চুরির যে রাজত্ব শুরু করেছিলেন সেটা থেকে বেরিয়ে আসার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে। এখন বিশ্বের বিভিন্ন দেশে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। সহজভাবে ভোট দেওয়ার জন্যই ইভিএম ব্যবহার করা হয়। বাংলাদেশের জনগণ তাদের ভোট যেন সহজভাবে প্রয়োগ করতে পারে, তারা যাকে ভোট দিতে চায় তাকেই যেন দিতে পারে এবং আধুনিক প্রযুক্তিতে যেন আমাদের নির্বাচন হয় সে জন্যই ইভিএম ব্যবহার করা হচ্ছে।
গতকাল শুক্রবার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সেলিম ভুঁইয়া, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ।
