চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমহোনপুর এলাকা থেকে জামায়াতের ১৬ কর্মীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল, আধা কেজি গানপাউডার, কিছু জিহাদি বই, তিনটি তাঁবুসহ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। গতকাল শুক্রবার সকালে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, চরমোহনপুর এলাকার একটি গহিন আমবাগানে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী বড়িপাড়ার মো. মামলত হোসেন, ঘাটিয়ালপাড়ার এহসান আলী, মহাডাঙ্গার মোমিন ইসলাম, নামোশংকারবাটি ঘাটিয়ালপাড়ার ইসলাম উদ্দিন, চর ইসলামপুরের আব্দুল মালেক, হাডাঙ্গার তুকচমারুল হক, বড়িপাড়ার আব্দুল হাদি ওরফে হাবিব, ঘাটিয়ালপাড়ার মো. ইব্রাহিম, মনহাজ উদ্দিন, মহাডাঙ্গার মাসুদ আলম, পর-রাজারামপুরের আব্দুল কাদের, ভবানীপুরের আমিরুল ইসলাম, কালিনগ গ্রামের ইসরাফিল হক, চরমোহনপুরের ফারুক হোসেন, মোহনপুরের শহাজাহান আলী ও ভবানিপুরের মফিজুর রহমান।
