গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, অপরাধ করলে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। আর বাংলাদেশে অপরাধ করলে তার যে রক্ষা নেই—সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে হত্যাকারীদের রক্ষার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৯ সালে জাতীয় সংসদে ইনডেমনিটি বিল পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই কালো আইন বাতিল করে খুনিদের বিচার করেছেন। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের দোসর রাজাকার-আলবদরদের বিচার করেছেন। তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরাল উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, নাজিরপুর-পিরোজপুর মহাসড়ক, পিরোজপুর-স্বরূপকাঠী মহাসড়কেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করা হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহমী মোহাম্মদ সায়েফের সভাপতিত্বে যুবলীগ নেতা এস এম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া। সভা শেষে দোয়া মোনাজাত পারচালনা করেন সদর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।
এদিকে গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম শুক্রবার বিকালে নাজিরপুর উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত ‘সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও পুনর্মিলন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
