জাবিতে বর্ণিল পাখিমেলা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৫২

পাখির প্রতি সচেতনতা বৃদ্ধিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে গতকাল শুক্রবার ২০তম পাখিমেলা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ মেলার উদ্বোধন করেন। বর্ণিল এই মেলার উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই পাখিদের ধরে রাখতে হবে। এ সময় পাখি সংরক্ষণ ও প্রসারের জন্য প্রকৃতিপ্রেমীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, পাখি মেলার মূল উদ্দেশ্য পাখি সম্পর্কে গণসচেতনতা বাড়ানো। এই সচেতনতা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে হবে। যাতে পাখির কোনো প্রজাতি বিলুপ্তির দিকে না যায়। তিনি বলেন, বিগত বছরগুলোর তুলনায় দর্শনার্থীর উত্পাত কম থাকায় বিশ্ববিদ্যালয়ে এবার পাখির সংখ্যা বেড়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কান্ট্রি ডিরেক্টর রাকিবুল আমিন ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন প্রজাতির পাখি আবিষ্কার করায় মেলায় তিন জনকে ‘বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২০’ দেওয়া হয়। তারা হলেন—ব্রাউন ক্র্যাক পাখির জন্য নূর-ই-সাউদ, রাস্টি টেইলড ফ্রাইক্যাচার পাখির জন্য নাঈম ইসলাম ও রেড নেকড ফ্যালারোপ পাখির জন্য ইমরান আলি।

এছাড়া পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার তিন জন সাংবাদিককে ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ দেওয়া হয়। এ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রতিদিনের সংবাদের মো. তহিদুল ইসলাম, বাংলা নিউজের বিশ্বজিত্ ভট্টাচার্য বপন ও মাই টিভির মো. আব্দুল্লাহ আল ওয়াহিদ এবং সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন মুমিনুল ইসলাম নাহিদ।

দিনব্যাপী এ মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশুকিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনী), অডিওভিডিওর মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে প্রতি বছর জাবি ক্যাম্পাসে এ পাখি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।