আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব শুরু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০০:১০

 ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্ল্লোগানে গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব বাংলাদেশ ২০২০। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে উত্সবে মোট পাঁচটি ভেন্যুতে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে।

শুক্রবার বিকালে শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে উত্সবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উত্সব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। আরো বক্তব্য রাখেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, সোসাইটির প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উত্সব পরিচালক ফারিহা যাহিন বিভা। আলোচনা শেষে প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা। উত্সবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় জার্মান চলচ্চিত্র ‘রোকা চেঞ্জেস দ্যা ওয়ার্ল্ড’। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বিশেষ প্রর্দশনী হিসেবে তরুণ নির্মাতা সুদীপ্ত সাহা পরিচালিত ‘খোকা যখন ছোটো ছিলেন’ অ্যানিমেশন চলচ্চিত্রটি দেখানো হয়।  

এবার ঢাকায় মূল উত্সবের কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। প্রতি দিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে। আজ শনিবার আলিয়ঁস ফ্রঁসেজে সকাল ১১টায় খুদে চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাটোগ্রাফি বিষয়ে ওয়ার্কশপ নেবেন নেহাল কোরাইসি এবং সন্ধ্যা ৬টায় ইন্টারঅ্যাক্টিভ সেকশনে অংশ নেবেন এন্নী বারোই।