খালেদা জিয়ার মুক্তির জন্য বিশেষ আবেদনের ভাবনা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০০:১২

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিত্সার জন্য মুক্তি চেয়ে বিশেষ আবেদনের কথা ভাবছি আমরা।’ গতকাল শুক্রবার কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ শেষে তার সেজো বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

সেলিমা ইসলাম বলেন, ‘তার অবস্থা তো খুবই খারাপ। সে শুধু বমি করছে। গায়ে জ্বর আছে। শরীরের ব্যথায় কাতরাচ্ছে। বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। তাকে উন্নত চিকিত্সার জন্য অন্য কোথাও নিতে হবে। এই হাসপাতালে তার চিকিত্সা সম্ভব না।’ হাসপাতালের চিকিত্সকেরা তাকে কেমন দেখছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, তারা যে চিকিত্সা দিচ্ছেন, এতে কোনো কাজ হচ্ছে না।

খালেদা জিয়ার চিকিত্সার জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো কোনো আবেদন করিনি। তার যে অবস্থা, তাতে মুক্তি দিয়ে উন্নত চিকিত্সার বন্দোবস্ত করতে হবে। শরীর তো খুবই খারাপ। সে তো ব্যথায় কাতরাচ্ছে, তার ডায়াবেটিস আজকেও ১৫তে। এভাবে কতদিন চলবে? এই হাসপাতালে তো এক বছরের কাছাকাছি সময় রয়েছে, তার শরীরের কোনো উন্নতি হচ্ছে না, বরং দিনে দিনে অবনতি হচ্ছে। এজন্য আমরা চাই তাকে উন্নত হাসপাতালে চিকিত্সা করাতে।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনের কথা বলছেন। এ ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে বিশেষ কোনো আবেদন করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ভাবছি, আমরা আবেদন করব। তবে এটা এখনো ঠিক করিনি। কারণ তার শরীরের যে অবস্থা, এই অবস্থায় বেশি দিন থাকলে তাকে জীবিত বাসায় নিয়ে যেতে পারব না।’

নির্বাচনের বিষয়ে কোনো বার্তা দিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে তো কথাই বলতে পারছে না। তবে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।’