রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অজ্ঞাত এক নারী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ নগরীর বিভিন্ন স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বস্তির বাসিন্দা কাজল মিয়া বলেন, চলন্তিকা বস্তিতে গ্যাসের লাইন অবৈধভাবে প্লাস্টিকের পাইপ দিয়ে সরবরাহ করা হয়েছে। বিদ্যুতের সংযোগ কোনোটি বৈধ মিটার থেকে আবার কোনোটি অবৈধ লাইন থেকে সরবরাহ করা হয়েছে। গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে বস্তিবাসী।
গত বছরের ১৬ আগস্ট মিরপুর ৭ নম্বর সেকশনের রূপনগর ঝিলপাড়ের এই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ ও ওয়াসার সম্মিলিত চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে যায় বস্তির প্রায় ৩ হাজার ঘর।
