আতিকের সমর্থনে ব্যবসায়ী নেতারা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০১:০৩

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন ব্যবসায়ী নেতাদের বড়ো অংশ। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ নামে ব্যবসায়ী নেতারা আতিকুল ইসলামের পক্ষে তাদের সমর্থনের কথা জানান। এর আগে গার্মেন্টস খাতের ব্যবসায়ীদের তিনটি সংগঠনের নেতারাও আতিকুল ইসলামের পক্ষে তাদের সমর্থনের কথা ঘোষণা দিয়েছিলেন। আতিকুল ইসলাম নিজেও গার্মেন্টস খাতের উদ্যোক্তা। মেয়র হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

গতকাল অনুষ্ঠানে আতিকুল ইসলাম ছাড়াও ব্যবসায়ীদের শীর্ষ এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি মুনতাকিম আশরাফ, সিদ্দিকুর রহমান, বিজিএমইএর সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন। এফবিসিসিআই ছাড়াও দেশের অন্যান্য এলাকার ব্যবসায়ী সমিতি ও চেম্বারের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী নেতারা রানা প্লাজা দুর্ঘটনার সময় তত্কালীন বিজিএমইএর সভাপতি হিসেবে আতিকুল ইসলামের কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সার্বক্ষণিক তদারকি করা ও ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল আনার ক্ষেত্রে তার ভূমিকার প্রশংসা করেন তারা। 

মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনের অনিয়ম দূর করা, কর ব্যবস্থা সহনীয় ও সহজ করাসহ ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা।

আতিকুল ইসলাম নগরবাসীর বিড়ম্বনা দূর করা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, নাগরিক সুবিধা নিশ্চিত করতে অটোমেশন করার আশ্বাস দেন।