ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ড

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় হামলা ভাঙচুর আগুন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০১:০৩

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কামরাঙ্গীরচরের বড়ো গ্রামে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরের পর ৫৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন ও বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান রতনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিদ্রোহী প্রার্থীর একটি নির্বাচনি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কামরাঙ্গীরচর থানার ওসি এ বি এম মশিউর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে একটি পক্ষ দাবি করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে সাইদুর রহমান রতন বড়ো গ্রাম থেকে প্রচারণা শুরু করলে তার সমর্থক ও কর্মীদের ওপর হামলা চালায় হোসেন গ্রুপের কর্মীরা। হামলাকারীরা পেছন দিক দিয়ে ইট ছুড়ে এবং দৌড়ে এসে স্ট্যাম্প দিয়ে অতর্কিত হামলা চালায়। সেখানে একটি নির্বাচনি অফিসে ভাঙচুর চালায় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।