তামিমের অর্ধশতক, বাংলাদেশের ১০০ পার 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:১৯

দ্রুত তিন উইকেট পতনের পর কিছুটা প্রতিরোধ গড়েছিল তামিম ইকবাল ও আফিফ হোসেন। কিন্ত মোহম্মদ হোসাইনকে ছক্কা মারতে গিয়ে হ্যারিচ রউফের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আফিফ। ২০ বলে ২১ রান করেন আফিফ।  তামিম ইকবাল ৫৯ রানে অপরাজিত আছেন। ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০২ রান।

এর আগে নাঈম, মেহেদির পর প্যাভিলিয়নে ফিরে যান লিটন দাস। দলীয় ৪১ রানে শাদাবের বলে এলবিডাব্লিউ হন লিটন। রিভিউ নিলেও অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট হওয়াতে ৮ রান করে মাঠ ছাড়তে হয় লিটনকে। এর আগে মোহম্মদ হোসাইনের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেহেদি। তার আউটের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২২ রান। আর ইনিংসের দ্বিতীয় ওভারের ২য় বলে শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ওপেনার নাঈম শেখ।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মেহেদি হাসান। অপরিবর্তিত আছে পাকিস্তান দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের জয় পায় স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদি হাসান, শফিউল ইসলাম, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

ইত্তেফাক/ইউবি