ভারতকে কড়া হুঁশিয়ারি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:২৩

এশিয়া কাপ ছাড়বে না পাকিস্তান

 স্পোর্টস ডেস্ক

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—এই শর্তেই নাকি তিন দফায় বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের জন্য রাজি করেছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন একটা গুঞ্জন কয়েকদিন ধরেই চাউর ছিল। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিলেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। তিনি জানিয়েছেন, এশিয়া কাপের বিনিময়ে বাংলাদেশ দলকে পাকিস্তানে আনা হয়নি। এমন কি এই ব্যাপারে নাকি দুই পক্ষের মধ্যে কোনো আলোচনাই হয়নি। তিনি বিষয়টা ব্যাখ্যা করে গণমাধ্যমকে বলেন, ‘আসলে এশিয়া কাপের মতো আসরের ভেন্যু হুট করে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পিসিবি বা স্বয়ং আইসিসিরও নেই। এর সিদ্ধান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।’

শুধু তাই নয়, তিনি এও জানালেন যে, এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যুও চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। বললেন,‘আমরা এশিয়া কাপের জন্য দুটো ভেন্যুর কথা মাথায় রেখেছি।’ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় দেশটিতে গিয়ে ক্রিকেট খেলে এসেছে শ্রীলঙ্কা দল। আর এখন সফরে আছে বাংলাদেশ দল। পারিপার্শ্বিক পরিস্থিতি বলে, আফগানিস্তানও হয়তো পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি করবে না।

এই অবস্থায় বাদ থাকে কেবল ভারত। দুদেশের মধ্যকার রাজনৈতিক বিরোধ আর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মাথায় রাখলে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোনোভাবেই পাকিস্তানের মাটিতে ভারতীয় দলকে পাঠানোর কথা নয়। সেটা মাথায় রেখেই ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন ওয়াসিম খান। তিনি বলেন, ‘ভারত যদি পাকিস্তানে এসে এশিয়া কাপ না খেলে, তাহলে আমরাও ২০২১ সালে ওদের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না।’

এদিকে পাকিস্তানে এসে খেলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেরও। ওয়াসিম খান জানিয়েছেন, ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) একটি নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল আগামী মাসে পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাবে। আর তারা যদি সবুজ সিগন্যাল দেন, তাহলে মার্চেই একটা টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসতে পারে প্রোটিয়ারা। এ ছাড়াও মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) একটি দল লাহোরে চারটা ম্যাচ খেলতে আসবে। আর সেই ম্যাচে থাকবে বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা। ওয়াসিম খান বলেন, ‘শীর্ষ ক্রিকেটার যেমন কুমার সাঙ্গাকারা, রবি বোপারা, মইন আলী দলটির হয়ে আসবেন। পাকিস্তানের শাহিন ও নর্দান দল এমসিসির পাঠানো দলের বিপক্ষে খেলবে গাদ্দাফি স্টেডিয়ামে। এছাড়া পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) দুই দল মুলতান সুলতান্স ও লাহোর কালান্দার্সও এমসিসি দলের সঙ্গে খেলবে।’

পিসিবি এখন পুরোদমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে চায়। ওয়াসিম খান জানিয়েছেন, আগামী ২০২৩ থেকে ২০৩০ সালের মধ্যে দেশের মাটিতে অন্তত তিনটি আইসিসি ইভেন্ট আয়োজন করতে চায় পিসিবি।