স্পোর্টস রিপোর্টার
কার্যত লড়াই ছাড়াই পাকিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। গতকাল দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারের পর পাকিস্তানের সঙ্গে অভিজ্ঞতা-স্কিল ও র্যাংকিংয়ের ব্যবধানকেই তুলে ধরেছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘আমার মনে হয় প্রথম ম্যাচে বেশি চ্যালেঞ্জ জানিয়েছিলাম। ব্যাটিংয়ের জন্য উইকেট সহজ ছিল না। এই মাঠে গড় স্কোর ১৫৫র মতো। প্রথম ম্যাচে আমরা হয়তো ১৫ রান কম করেছিলাম, আজ (গতকাল) ২৫ রান। এই কারণেই ওরা র্যাংকিংয়ের এক নম্বর, আমরা ৯ এ। অভিজ্ঞতা ও স্কিলের দিক থেকে এই মুহূর্তে এটাই বড়ো পার্থক্য। তাদেরকে ধরতে হলে আমাদেরকে অনেক দূর যেতে হবে।’
সৌম্যকে রেখে মেহেদী হাসানকে তিনে পাঠানোর পরিকল্পনা সম্পর্কে ডমিঙ্গো বলেছেন, ‘ওপরে ব্যাটিং করার অনেক অভিজ্ঞতা আছে সৌম্যর। সে দারুণ খেলোয়াড়। ইনিংসের শেষ দিকে বড়ো শট খেলতে পারবে আমরা এমন কাউকে খুঁজছি, যেখানে সব সময় বাংলাদেশের ঘাটতি ছিল। শেষ দিকে পাওয়ার হিটার নেই। তাই দুই-একটা জিনিস আমরা চেষ্টা করছি। লিটন সাধারণত ওপেনিং করে, সে এখন চারে খেলছে, তার পজিশনের বাইরে। ভিন্ন কম্বিনেশন দেখছি, যদি তারা ভিন্ন ভূমিকায় কাজ করতে পারে। সৌম্য দারুণ ব্যাটসম্যান এবং আমরা দেখতে চেয়েছি যে সে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে পারে কি না।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, হেরে যাওয়াটা হতাশার। তামিম ছাড়া আমরা কেউই ব্যাটিংয়ে নিজেদের মেলে ধরতে পারিনি। ১৫০-১৬০ রান করা উচিত ছিল। চেষ্টা ছিল, পাকিস্তানের বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। নিশ্চিত নই কতটা ভালোভাবে শেষ ম্যাচে আমরা যেতে পারব, হয়তো আমরা রিজার্ভ বেঞ্চের কয়েক জনকে চেষ্টা করব। কিন্তু আমাদেরকে শক্তভাবে ফিরতে হবে এবং ম্যাচটা জিততে হবে।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচ খেলে দেশে ফিরবে মাহমুদউল্লাহ বাহিনী।
স্কোর কার্ড
বাংলাদেশ ইনিংস : রান বল চার ছয়
তামিম ইকবাল রান আউট (ইমাদ) ৬৫ ৫৩ ৭ ১
মোহাম্মদ নাইম ক রিজওয়ান ব আফ্রিদি ০ ১ ০ ০
মেহেদী হাসান ক রিজওয়ান ব হাসনাইন ৯ ১২ ০ ১
লিটন দাস এলবি ব শাদাব ৮ ১৪ ১ ০
আফিফ হোসেন ক রউফ ব হাসনাইন ২১ ২০ ১ ১
মাহমুদউল্লাহ বোল্ড ব রউফ ১২ ১২ ১ ০
সৌম্য সরকার অপরাজিত ৫ ৫ ০ ০
আমিনুল ইসলাম অপরাজিত ৮ ৪ ২ ০
অতিরিক্ত (লে বা-২, নো-১, ও-৫) ৮
মোট (২০ ওভার) ১৩৬/৬
উইকেট পতন: ১/৫ (নাইম), ২/২২ (মেহেদী), ৩/৪১ (লিটন), ৪/৮৬ (আফিফ), ৫/১১৭ (তামিম), ৬/১২৬ (মাহমুদউল্লাহ)
পাকিস্তান বোলিং:
ইমাদ ওয়াসিম : ২-০-১৬-০ (ও-১), শাহীন শাহ আফ্রিদি : ৪-০-২২-১ (ও-১), মোহাম্মদ হাসনাইন : ৪-০-২০-২ (ও-১) (নো-১), হারিস রউফ : ৪-০-২৭-১ (ও-১), শাদাব খান : ৩-০-২৮-১, শোয়েব মালিক : ২-০-৯-০, ইফতেখার আহমেদ : ১-০-১২-০।
পাকিস্তান ইনিংস:
রান বল চার ছয়
বাবর আজম অপরাজিত ৬৬ ৪৪ ৭ ১
আহসান আলী ক মাহমুদউল্লাহ ব শফিউল ০ ৭ ০ ০
মোহাম্মদ হাফিজ অপরাজিত ৬৭ ৪৯ ৯ ১
অতিরিক্ত (লে বা-১, ও-৩) ৪
মোট (১৬.৪ ওভার) ১৩৭/১
উইকেট পতন : ১/৬ (আহসান)
বাংলাদেশ বোলিং :
মেহেদী : ৪-০-২৮-০, শফিউল ইসলাম : ৩-০-২৭-১ (ও-১), আল-আমিন হোসেন : ৩-০-১৭-০ (ও-১), মুস্তাফিজুর রহমান : ৩-০-২৯-০ (ও-১), আমিনুল ইসলাম : ২-০-১৬-০, আফিফ হোসেন : ১-০-১৬-০, মাহমুদউল্লাহ : ০.৪-০-৩-০।
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।
