রদবদল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:২৪

ভারতের নির্বাচক প্যানেলে

 স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক প্যানেলে পালাবদল হতে চলেছে। কারণ প্রধান নির্বাচক এম এস কে প্রসাদের মেয়াদ শেষ হয়ে গেছে গেল শুক্রবার।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শীর্ষ এই পদটা পেতে উঠেপড়ে লেগেছেন সাবেক ক্রিকেটাররা। টানা ৪০ মাস দায়িত্বে থাকার পর এম এস কে প্রসাদের ছেড়ে যাওয়া পদের জন্য লড়াই জমে উঠেছে। এগিয়ে আছেন ভারতের সাবেক ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ ও স্পিনার লক্ষ্মণ শিবারামাকৃষ্ণ। আরেক সাবেক ফাস্ট বোলার অজিত আগারকারও এই পদের জন্য আবেদন করেছেন বিসিসিআইয়ের কাছে। শুক্রবারই তিনি নিজের আবেদনপত্র জমা দিয়েছেন।

প্রসাদ নিযুক্ত হলে তিনি দেড় বছরের মেয়াদ পান। অন্যদিকে, শিবারামাকৃষ্ণ পুরো তিন বছর মেয়াদই পাবেন। কারণ, প্রসাদের পূর্ণ মেয়াদ পাওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের সংবিধানেই বাধা আছে। কারণ, জুনিয়র বা সিনিয়র যে কোনো কমিটিতেই কেউ পাঁচ বছরের বেশি থাকতে পারবেন না, এমন নির্দেশ আছে সংবিধানে। প্রসাদ ২০১৫ থেকে ২০১৮—এই সময় জুনিয়র নির্বাচক প্যানেলের প্রধান ছিলেন। ফলে, এবার নিয়োগ পেলে তার মেয়াদ কমে আসবে।

নির্বাচক কমিটির অন্যতম সদস্য গগন খোড়ারও মেয়াদ শেষ হয়ে গেছে। তার ছেড়ে যাওয়া পদের লড়াইয়ে এগিয়ে রয়েছেন মধ্যপ্রদেশের রাজেশ চৌহান ও অময় কুরেশিয়া।

জটিলতা আরেকটা আছে। প্রধান নির্বাচক বা কোচ কে হবেন, এই ব্যাপারগুলো সাধারণ বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) ঠিক করে আসত। কিন্তু, কার্যত বিসিসিআইয়ের এখন কোনো সিএসি নেই। স্বার্থের সংঘাতের জের ধরে কপিল দেবেন নেতৃত্বাধীন কমিটি পদত্যাগ করেছেন। ফলে, নতুন করে কমিটি গড়তে হবে বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলিকে। সিএসির নতুন সদস্য কারা হবেন, তা ঠিক হবে অবশ্য কালই। সেদিনই জরুরি সভা ডেকেছেন সৌরভ গাঙ্গুলি।