বঙ্গবন্ধু জাতীয় হকি
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বঙ্গবন্ধু জাতীয় হকি প্রতিযোগিতা চট্টগ্রাম ভেন্যুতে জিতেছে চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল স্কুল। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে সূচনা খেলায় মিউনিসিপ্যাল স্কুল ১০-১ গোলে ফেনীর সোনাপুর স্কুলের বিরুদ্ধে জয়লাভ করে। দলের হয়ে অর্পণ ৫টি, প্রিতম ৩টি, সৃজন ২টি গোল করেন। সান্ত্বনা সূচক গোলটি করেন সোনাপুরের রুমান।
দুর্বল দল সোনাপুর স্কুলের বিপক্ষে বড়ো ব্যবধানে স্বাগতিকরা জিতলেও তাদের দলে কলেজ পড়ুয়া খেলোয়াড় রয়েছে বলে গতকাল স্টেডিয়াম পাড়ায় কানাঘুষা চলে। উপস্থিত দর্শকদের মধ্যে অনেককেই বলতে শোনা যায়, স্কুলের খেলার মধ্যে যদি কলেজ পড়ুয়া খেলোয়াড় খেলেন তাহলে খেলার উন্নতি ঘটবে কিভাবে।
খেলা শুরুর পূর্বে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ সিকদার, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান মো. আবুল হাসেম, সম্পাদক মো. লুত্ফুল করিম সোহেল এ সময় উপস্থিত ছিলেন।
