সড়ক উন্নয়ন দেশের উন্নয়নেরই অংশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৩৬

একটি দেশের উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই যথেষ্ট নয়। অবকাঠামোগত উন্নয়নও অনেক গুরুত্বপূর্ণ। যা বাহ্যিকভাবে পরিদৃষ্ট। ‘দেশটিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে’—এটা বোঝার জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ  অন্যান্য অবকাঠামোগত স্থাপনার উন্নয়নই সর্বাগ্রে খোলা চোখে ধরা পড়ে। পরিতাপের বিষয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের রাস্তার উলে­খযোগ্য অংশ অত্যন্ত নাজুক। জাতীয় দৈনিকগুলোতে প্রতিদিন চলাচলের অনুপযোগী রাস্তার সচিত্র সংবাদ ছাপানো হচ্ছে। কোনো কোনো রাস্তা ব্যবহারের অনুপযুক্ত। এসব রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন প্রতিদিনই ছোটোখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। যাত্রী ও পথচারীদের দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে গর্ভবতী নারীরা ঝুঁকির মধ্যে চলাচল করছেন।

দেশের প্রতিটি থানা বা উপজেলা পর্যায়ে রয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা। এলাকার জনগণের অভাব-অভিযোগ মোচন, তাদের দুর্ভোগ লাঘব সর্বোপরি এলাকার উন্নয়নের দায়িত্ব তাঁদের। জানি না কোন রহস্যময় কারণে দুর্দশাগ্রস্ত এসব রাস্তা বছরের পর বছর একই অবস্থায় থেকে যাচ্ছে আর খেসারত দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এই জনদুর্ভোগের কথা বিবেচনা করে চলাচলের অনুপযোগী এসব সড়ক সংস্কারের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

জয়নাব চামেলি

রসুলপুর, দনিয়া, যাত্রাবাড়ি,

ঢাকা ১২৩৬