বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের কথা কল্পনাই করা যেত না -------- চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৪৭

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা কিন্তু বাংলাদেশের কথা কল্পনাই করতে পারতাম না। আজকের যারা নতুন প্রজম্ম হয়তো এ কথা ভাবতে পারবে না সেই ১৯৭১ সালে একটি দেশকে স্বাধীন করা কত কঠিন ছিল। তখন কিন্তু ইন্টারনেট, ফেসবুক ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। সেই সময়ে একজন নেতা নৌপথে যোগাযোগের মাধ্যমে পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছে। এটা অন্য কারো দ্বারা সম্ভব হতো না। ঠিক সেই একইভাবে শেখ হাসিনার জন্ম না হলে আমরা কিন্তু উন্নত বাংলাদেশ পেতাম না। শনিবার দুপুরে উত্রাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উদ্যাপন ও পুনর্মিলনী উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে সকালে তিনি প্রধান অতিথি হিসেবে শিবচর বাজারের খলিফা পট্টির হাসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, ইউএনও মো. আসাদুজ্জামান, ওসি আবুল কালাম আজাদ, ডা. ওমর ফারুক লপ্তি, এনআরবিসি ব্যাংকের শিবচর উপশাখার ইনচার্জ মো. আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় চিফ হুইপ তার বক্তব্যে আরো বলেন, স্বচ্ছতা, কার্যকর সেবা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক ব্যাকিং সেক্টরে একটি ব্যবসাবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে পাশে থাকবে। অল্প সময়ের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর কাজ শেষ হবে। পদ্মা সেতুকে ঘিরে সরকারের পক্ষ থেকে অনেক বড়ো বড়ো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরে চিফ হুইপ সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।