নির্ধারিত সময়েও শেষ হয়নি ব্রিজের কাজ, জনদুর্ভোগ!

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৪৮

তাড়াশ-নাদোসৈয়দপুরের সাইট খাল

গোলাম মোস্তফা, তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে তাড়াশ-নাদোসৈয়দপুর গ্রামীণ সড়কের সাইট খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, আরটিআইপি-২ প্রকল্পের আওতায় ৪ কোটি ৪১ লাখ ৮ হাজার ৪৪৮ টাকা ব্যয়ে ২০১৬ সালে তাড়াশ-নাদোসৈয়দপুর গ্রামীণ সড়কের সাইট খালের ওপর ৯৯ মিটার ব্রিজটির নির্মাণকাজ শুরু করা হয়। ব্রিজটি নির্মাণের শেষ সময় ছিল ২০১৮ সালের মার্চ মাসের ৫ তারিখ পর্যন্ত। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।   ভুক্তভোগী সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, জিয়ারুল ইসলাম, সাদেক হোসেন, জাহাঙ্গীর হোসেন, জয়ান আলী, জামাল মিয়া, রুহুল আমীন, ইসমাতারা, শাহিদা খাতুন বলেন, আমাদের সব আবাদি জমি তাড়াশ-নাদোসৈয়দপুর গ্রামীণ সড়কের দুইপাশে প্রত্যন্ত চলনবিলের মধ্যে। মৌসুমে প্রচুর পরিমাণে ইরি-বোরো, পেঁয়াজ, রসুন, ভুট্টা, গম, কালোজিরাসহ সব ধরনের ফসলাদি চাষাবাদ হয় ঐ জমিগুলোতে। সাইট খালের ওপর ব্রিজটি এখনো না হওয়ায় উত্পাদিত ফসল বাড়ি আনা ও বাজারজাত করার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজের অভাবে তাদের দৈনন্দিন যাতায়াত ও ফসলাদির জন্য গুনতে হয় দ্বিগুণ থেকে তিনগুন টাকা। অপচয় হয় সময়ের।

তাড়াশের ধামাইচ গ্রাম, মাগুড়া বিনোদ, কুন্দইল, কামারশন, মাকরশন, ইশ্বরপুর, হেমনগর, নওখাদা, বিন্নাবাড়ি, চরকুশাবাড়ি, দবিরগঞ্জ, রানী গ্রাম, কাটাবাড়ি ও পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার খুবজীপুর, বামুন বাড়িয়া, বিলসা, রুহাই, বাহাদুর পাড়াসহ কমপক্ষে ৫০টি গ্রামের প্রায় ৩ লক্ষাধিক মানুষের আন্তঃযোগাযোগের জন্য ব্রিজটির প্রয়োজনীয়তা অপরিসীম।

এদিকে ব্রিজের নির্মাণ শ্রমিক বাবলু মিয়া, ভোলা মিয়া, আমিনুল ইসলাম, শহিদ হোসেন জানান, ৯৯ মিটার ব্রিজের নির্মাণকাজ করছেন কয়েক জন শ্রমিক। এত কম শ্রমিক দিয়ে বর্ধিত সময়ের মধ্যেও কাজ শেষ করা সম্ভব নয়। ঠিকাদার জহরুল ইসলাম বলেন, বর্ধিত সময়ের মধ্যে অবশ্যই ব্রিজের কাজ শেষ করা হবে।  মাগুড়া-বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে ব্রিজটি নির্মাণ করতে নির্ধারিত সময় পেড়িয়ে গেছে। এতে জনদুর্ভোগ হচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান দৈনিক ইত্তেফাককে বলেন, বর্ধিত সময়ের মধ্যে তাড়াশ-নাদোসৈয়দপুর গ্রামীণ সড়কের সাইট খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ করার লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে।