চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
চিত্রা পাড়ের মিনি সুন্দরবনে হাজার হাজার পাখির আশ্রয়স্থল গড়ে উঠলেও সেখানে এখন তারা নিরাপদ নয়। অসাধু শিকারিরা জাল ও ফাঁদ পেতে নির্বিচারে করছে পাখি শিকার। পাশাপাশি বন্দুক দিয়েও পাখি শিকারের অভিযোগ রয়েছে। চিতলমারী উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর পাড়ে গড়ে ওঠা এই মিনি সুন্দরবনের বন্যপ্রাণী ও পাখিদের রক্ষার জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
উপজেলার ঝালডাঙ্গা গ্রামের শেখ কেসমত আলী, খিলিগাতী গ্রামের পাখিপ্রেমী মুকুল চন্দ্র ঢালীসহ অনেকে জানান, প্রতিদিন এখানকার বনে পাখি দেখতে শত শত লোক ছুটে আসে। এখানকার পাখিদের নিরাপত্তা দিতে না পারলে আগামীতে পাখির উপস্থিতি থাকবে না। জরুরিভাবে পাখি শিকার ও নিধন বন্ধ করতে হবে। প্রাণী ও পাখিবিশেষজ্ঞ শরীফ খান জানান, পাখিরাও পরিবেশের অংশ। তাদেরও মুক্তভাবে বেঁচে থাকার অধিকার আছে। পাখি রক্ষার জন্য সকলকে সচেতন হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল আলম জানান, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
