খুলনা অফিস
খুলনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে নগরীর গল্লামারী এলাকার একটি বাড়িতে তিন ঘণ্টার বেশি সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুটি রিমোট কন্ট্রোল, একটি ল্যাপটপ, ১৪৪ বক্স দিয়াশলাই, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গ্রেফতার নব্য জেএমবির সদস্য নূর মোহাম্মাদ অনিক (২৪) খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচ আর এম) ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩) পরিসংখ্যান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র।
অনিক মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোড়াবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে ও রাফি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাগুর দোয়ার গ্রামের মো.রেজাউল করিমের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুত্ফুল কবির বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত বছরের সেপ্টেম্বরে নগরীর খানজাহান আলী থানার কৃষক লীগ অফিসে বোমা বিস্ফোরণ ও ডিসেম্বরে আড়ংঘাটা থানার গাড়ি গ্যারেজে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি বলেন, তারা আরো জানিয়েছে, জঙ্গি সংগঠনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এই কাজে জড়িয়েছেন।
