ইত্তেফাক ডেস্ক
শৈশব থেকে গণতন্ত্র চর্চা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত করতে দেশের বিভিন্ন স্থানে শনিবার মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল : বরিশালে স্কুল এবং মাদরাসায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত স্কুল কেবিনেট নির্বাচন গতকাল শনিবার আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে একযোগে শুরু হওয়ায় নির্বাচন চলে দুপুর ২টা পর্যন্ত। বরিশাল জেলার ৪২০টি স্কুল, ২৬০টি মাদরাসাসহ মোট ৬৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নগরীর শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ছোট বেলা থেকে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠছে তাদের। এদিকে ঐ স্কুলের প্রধান শিক্ষক মু. এবাদুল ইসলাম জানান, ভবিষ্যতে জনপ্রতিনিধি এবং দেশ শাসনে অভ্যস্ত করার জন্য এই নির্বাচনের আয়োজন করে সরকার।
পিরোজপুর : সারাদেশের মতো পিরোজপুর জেলায়ও শনিবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৭৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭৬টি দাখিল মাদ্রাসায় সকাল থেকে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেয়। জেলা শিক্ষা অফিসার সুনিল কুমার দে জানান, শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে এ নির্বাচনে অংশ নিয়ে জীবনের প্রথম ভাগেই গণতন্ত্র চর্চায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
কুমিল্লা : জেলার ১৭টি উপজেলার ৯৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটগ্রহণ করা হয়। কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ জানান, জেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই ভোটে অংশগ্রহণ করে। এতে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেটসহ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। তাদের এই ভোট উত্সবের নানা কাজে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও অভিভাবকরা সহযোগিতা করেছেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনে প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি থেকে পাঁচ জন এবং পরবর্তীতে সর্বোচ্চ ভোট পাওয়া শ্রেণির তিন জনকে নিয়ে আট সদস্যের মন্ত্রিসভা হবে। এরা শিক্ষার্থীদের স্বার্থরক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অনুষ্ঠান এবং কর্মকাণ্ডে সহযোগিতা করবে।
জয়পুরহাট : জেলা শহরের মাষ্টারপাড়ার জয়পুরহাট বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, সদর থানা উচ্চ বিদ্যালয় এবং পুলিশ লাইনস একাডেমিতে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। জেলায় ২৬০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে এই স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
টেকেরহাট (মাদারীপুর) : উপজেলা সদরে অবস্থিত রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন দেখতে উপস্থিত হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোতালেব মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের সুধীজন।
বদরগঞ্জ (রংপুর) : বদরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : নাগেশ্বরীতে সুখাতী উচ্চ বিদ্যা নিকেতনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগর উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আকতার হোসেন ভূইয়া কেন্দ্র পরিদর্শন করেন।
