ডিএসসিসিতে অনুমোদনহীন নির্বাচনী ক্যাম্প অপসারণ করলো ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২২:১৩

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বোজায় রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বেশ কিছু অনুমোদনহীন নির্বাচনী ক্যাম্প অপসারণ করা হয়েছে।

শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর সাধারণ ওয়ার্ডের অন্তর্গত সারুলিয়া বাজার, পশ্চিম হাজীনগর, রসুলনগর ও রানীমহল ব্রীজের ঢাল এলাকায় এ অভিযানটি চালায় ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানায়, বেলা ১১টায় হঠাৎ করেই পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এলাকায় অভিযান শুরু করে। এসময় তারা আটটি অনুমোদনবিহীন নির্বাচনী ক্যাম্প অপসারণ করান। বেলা দুইটার আগেই সারুলিয়া বাজারে মাইক দিয়ে লাউড স্পিকারে নির্বাচনী প্রচারণা চালানোয় মাইকটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে। পরে সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সতর্ক করে মোবাইল কোর্ট।  

আরও পড়ুন: নির্বাচনী প্রচারণায় আতিকের ভাই বোনেরা

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার বলেন, নির্বাচনে সবাইকে আইন মেনে চলতে হবে। নির্বাচনে অনিয়মকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের কল্যাণে প্রার্থীদের নির্বাচনী বিধি নিষেধ মেনে চলতে হবে।

ইত্তেফাক/আরআই