বঙ্গবন্ধু বিপিএল টি-২০ টুর্নামেন্ট খেলে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পাকিস্তানে গিয়ে যেন ক্রিকেটের খুদে ফরম্যাটের ব্যাটিংটাই ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সবার মুখে মুখে ফিরছে—টি-২০ ম্যাচে এত নিরুত্তাপ ব্যাটিং! টানা দুই ম্যাচে বিবর্ণ ব্যাটিং ডুবিয়েছে বাংলাদেশকে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে নয় উইকেটের বড়ো ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজটা ২-০ তে জিতে নিল স্বাগতিকরা। গতকাল আগে ব্যাট করে তামিম ইকবালের হাফ সেঞ্চুরির পরও ছয় উইকেটে ১৩৬ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ। জবাবে ১৬.৪ ওভারে এক উইকেটে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। বাবর আজম ম্যাচ সেরা হন। লাহোরে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
রান তাড়া করতে নামা পাকিস্তানকে চেপে ধরতে পারেনি বাংলাদেশের বোলাররা। একমাত্র ওপেনার আহসান আলীকেই (০) ফেরাতে পেরেছিল বাংলাদেশ। শফিউলের করা ইনিংসের দ্বিতীয় ওভারে ঐ সফলতার পর বাকি সময়টুকু ম্যাচ শেষের অপেক্ষার প্রহরই গুনেছে সফরকারীরা। বাবর আজম ও মোহাম্মদ হাফিজের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং জয়ের বন্দরে নিয়ে যায় স্বাগতিকদের। অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি গড়েন তারা। বাবর আজম অপরাজিত ৬৬, হাফিজ অপরাজিত ৬৭ রান করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ম্যাচের চেয়ে পাঁচ রান কম করেছে। একপ্রান্ত আগলে তামিম হাফ সেঞ্চুরি করেছেন বটে। কিন্তু ইনিংসের লম্বা সময় জুড়ে সংগ্রাম করেছেন তিনি। আফিফ হোসেনই ব্যাটিংয়ে কিছুটা হুমকি হওয়ার আভাস দিয়েছিলেন। উইকেটে কিছুটা বাউন্স ছিল। যা কাজে লাগিয়ে পাকিস্তানের পেসাররা ১৪ ওভার বোলিং করে ৮৫ রান দিয়েছেন।
