আতিকুলের নির্বাচনি ইশতেহার ঘোষণা আজ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২২:২৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বনানীর লেকশোর হোটেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আমন্ত্রণ পেয়েছেন। অন্য দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন।

আতিকুল ইসলাম শনিবার দুপুরে ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকার কালাচাঁদপুর মোড়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বলেন, আজ রবিবার আমার নির্বাচনি ইশতেহার দেব। সেখানে চমক থাকবে। আর সচল, সুস্থ ও মানবিক ঢাকা গড়ার অঙ্গীকার থাকবে।’ আতিকুল ইসলাম বলেন, ‘আর বেশি দিন বাকি নেই। আজ বাদে ছয় দিন আছে। এ ছয় দিনে সব ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।’ তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান, ভোটারদের গিয়ে          বলতে হবে একটি আধুনিক ও যানজটমুক্ত শহর গড়তে নৌকায় ভোট দিতে। এরপর সাইকেল চালিয়ে নদ্দা কালাচাঁদপুর বাজারে প্রচার চালান আতিকুল ইসলাম। তবে আচরণবিধি লঙ্ঘন হবে জেনে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাচাঁদপুর হাইস্কুল অ্যান্ড কলেজের মাঠে ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেননি আতিকুল ইসলাম। কালাচাঁদপুর মোড়ে নির্বাচনি সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, উত্তরের ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাসিনা বারী প্রমুখ। এরপর যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে আতিকুল ইসলাম বলেন, আমি চাই না কোনো আচরণবিধি লঙ্ঘন হোক। এজন্য স্কুল মাঠের সমাবেশ বাতিল করে দিয়েছি। এর আগে বেলা ১১টায় গুলশান স্বাস্থ্য ক্লাব পার্কে গণসংযোগ করেন আতিকুল। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব। ৯০ দিনের মধ্যে মৌলিক সেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিব।