দুই গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২২:৩২

নওগাঁর পোরশা দুয়ারপাল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী সনজিত্ কুমার ও কামাল হোসনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শনিবার রাত ৮টায় উপজেলার সীমান্ত এলাকা নিলমারী বিল ২৩১(১০) এস পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে বিএসএফ-১৫৯ এর কোম্পানি কমান্ডার জসি হর্ষি আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে মরদেহ গ্রহণ করেন বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।

এ সময় বিজিবি-১৬ নিতপুর ক্যাম্পের কমান্ডার   সুবেদার মোহাম্মদ আলী ও হাপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোকলেসুর রহমান, পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, তদন্ত কর্মকর্তা নিরেন চন্দ্র উপস্থিত ছিলেন। বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।